“যুবরাই লড়বে সবুজ পৃথিবীর গড়বে”—এই অঙ্গীকারে রাজশাহী কলেজ গ্রীন ভয়েস শাখার উদ্যোগে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ নভেম্বর) দুপুর ২টায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে এ আয়োজনের মধ্য দিয়ে পরিবেশ রক্ষায় তরুণদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজ গ্রীন ভয়েস শাখার সভাপতি নাহিদ হাসান জনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী। এছাড়াও, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহ-সভাপতি ও নগরবিদ স্থপতি ইকবাল হাবিব।
রাজশাহী কলেজ গ্রীন ভয়েস শাখার সাধারণ সম্পাদক রাবেয়া খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর মু. যহুর আলী বলেন, “জলবায়ু পরিবর্তন রোধে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। উন্নত বিশ্বের শিল্পায়নের প্রভাবে বাংলাদেশে তাপমাত্রার প্রকোপ বাড়ছে।”
নগরবিদ ইকবাল হাবিব বলেন, “তরুণ প্রজন্মের দায়িত্বশীল ভূমিকা আজ অত্যন্ত জরুরি। তাদের শুধু পথ দেখিয়ে দিতে হবে। যারা গ্রীন ভয়েসে যুক্ত হচ্ছেন, তারা নিজেদের প্রস্তুত করুন, কারণ দেশ আপনাদের দিকে তাকিয়ে আছে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান শাহ্, গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির, রাজশাহী কলেজ ভুগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ জহুরুল ইসলাম ও বাংলা বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান শাওন।
এই অনুষ্ঠানে পরিবেশ সচেতনতার প্রতীক হিসেবে নবীন সদস্যদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। পরে সন্ধ্যা ৬টায় এক সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
